মাধ্যমিকের উত্তরপত্র দেখা নিয়ে এবার দায়িত্ব বাড়ল পরীক্ষকদের। খাতা দেখার সময় কোনও প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর না দিলে তার কারণ পাশে লিখে দিতে হবে। এমনই নতুন নির্দেশ দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। এর ফলে বাড়তি সতর্ক হয়েই খাতা দেখতে হবে শিক্ষকদের। এছাড়া এই নিয়মের ফলে পরীক্ষার্থীদের নম্বর নিয়ে অভিযোগ জানানোর প্রবণতা কমবে বলেই পর্ষদ মনে করছে। নতুন নিয়মটি কী? ধরা যাক কেউ ৬ নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখেছে। পরীক্ষক তা মূল্যায়ণ করে ৩ নম্বর দিয়েছেন। এক্ষেত্রে কেন পরীক্ষার্থী পুরো নম্বর পেল না তার কারণ ছোট করে ওই প্রশ্নের পাশে লিখে দিতে হবে। যেমন উত্তরে ধোঁয়াশা রয়েছে, তা অসম্পূর্ণ এইসব কারণ সংক্ষেপে লিখে দিতে হবে পরীক্ষকদের।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগে দেখা গিয়েছে, খাতা দেখা নিয়ে নানা রকম অভিযোগ উঠেছে। কখনও পড়ুয়ারা আরটিআই করে খাতা দেখতে চায়। তাদের ধারণা যে নম্বর কম দেওয়া হয়েছে। অনেকে মামলা করেছে। তাই এইসব ঝামেলা এড়াতে পরীক্ষকদের দায়িত্ব বাড়ানো হল এবার। তবে এই নির্দেশের পর অন্য একটি বিষয় নিয়ে চিন্তিত শিক্ষকরা। তাঁরা জানিয়েছেন, এবার এমনিতেই খাতা জমা দেওয়ার সময় তিন দিন থেকে কমিয়ে দু’দিন করা হয়েছে। সেক্ষেত্রে খাতা দেখার পর কেন কম নম্বর দেওয়া হল তার কারণ লিখতে গেলে বাড়তি সময় লেগে যাবে। এর ফলে খাতা জমা দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে পারেন শিক্ষকরা। সেক্ষেত্রে ঠিকমতো খাতা দেখা হল কি না তা নিয়েও সংশয় থাকছে।
![]()
