জেলা

তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত পূর্ব মেদিনীপুর ভগবানপুর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ‘আক্রান্ত’ পুলিশ।

পূর্ব মেদিনীপুরে চরমে তৃণমূল-বিজেপি সংঘাত দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনার জেরে থমথমে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের পশ্চিমবাড়-কাঁটাপুকুরিয়া গ্রাম।এলাকায় চলছে পুলিশি পিকেট। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে দলীয় কর্মী নিতাই প্রামাণিকের বাড়িতে চড়াও হয় একদল তৃণমূল কর্মী। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধর করা হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন নিতাইয়ের স্ত্রী। গুরুতর আহত ওই বিজেপি কর্মীকে ভর্তি করা হয় তমলুক জেলা হাসপাতালে। এ বিষয়ে বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘প্রত্যেক জায়গায় আমাদের কর্মীদের ওপর অ্যাটাক হচ্ছে, ভগবানপুরেও তা হয়েছে, তৃণমূলই হামলা চালাচ্ছে সর্বত্র।’

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভগবানপুর থানার সাব ইন্সপেক্টর অনিরুদ্ধ চক্রবর্তীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপির ইন্ধনেই এত অশান্তি। তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডার অভিযোগ, ‘এই এলাকায় নান্টু প্রধানকে খুন করা হয়েছিল, বিজেপি বহিরাগত এবং সিপিএমের দুষ্কৃতীদের নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা করছে, এলাকা দখলের চেষ্টা করছে, পুলিশকে পর্যন্ত এরা বাদ দিচ্ছে না।’ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,হামলাকারীদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে। 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *