জেলা

লকডাউনকে উপেক্ষা করে রাস্তায়,উপযুক্ত শিক্ষা দিল গোঘাট থানার পুলিশ।

শ্যামলেন্দু গোস্বামী,আরামবাগ:- বারবার সচেতন করেও কাজ হয়নি। লকডাউন উপেক্ষা করে ঘুরে বেড়ানো অভ্যাস হয়ে গিয়েছে বাসিন্দাদের একাংশের। জরুরি প্রয়োজন ছাড়াই নানা অজুহাতে সাইকেল, মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। তাদের উচিত শিক্ষা দিতে এবার পথে নামল গোঘাট পুলিশ। মঙ্গলবার এই থানা এলাকার কামারপুকুর চটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে এদিন অভিযান চালায় পুলিশ। লকডাউন উপেক্ষা করে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ার অভিযোগে বেশ ৮ জনকে আটক করেছে গোঘাট থানার পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, লক ডাউনের প্রথম দু’দিন শুনশান ছিল আরামবাগ মহকুমা। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই রাস্তায় মানুষের আনাগোনা বাড়ছে। অনেকে বেরোচ্ছেন নানান অছিলায়। বিকেলে মোটর সাইকেলে হাওয়া খেতেও বের হচ্ছেন কেউ কেউ। সচেতন মানুষ বলছেন, লকডাউন শুরু হতেই লাঠি হাতে পুলিশ রাস্তায় নেমেছিল। একটি বিক্ষিপ্ত ঘটনার দরুন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে। আর পুলিশের ভয় নেই। আগে পুলিশের ভয়ে অনেকে ঘরে ঢুকছিলেন। সেই রাশ আলগা হতেই রাস্তায় বের হওয়া বাসিন্দার সংখ্যা বাড়ছে।

মঙ্গলবার সকাল থেকেই অবশ্য গোঘাটের বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। মানুষের ধরে ধরে রাস্তায় বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়। অনেকে যথাযথ কারণ দেখাতে পারেননি। অনেকে বেরিয়েছিলেন লকডাউন দেখতে। তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। থানার ঢোকার মুখগুলিতেও নজরদারি বাড়ানো হয়। পুলিশের এই তৎপরতায় খুশি নিজেদের গৃহবন্দি থাকা বাসিন্দারা। তাঁরা বলছেন, বেশির ভাগ বাসিন্দা বিশেষজ্ঞদের পরামর্শে করোনা সংক্রমণ ঠেকাতে নিজেদের গৃহবন্দি রাখলেও কিছু অবাধ্য মানুষ অহেতুক বাইরে বেরিয়ে সব প্রচেষ্টা বানচাল করতে চাইছে। পুলিশের উচিত পরিস্থিতি কড়া হাতে দমন করা। এদিনের গোঘাট পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *